রৌদ্রোজ্জ্বল আকাশে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২, ০২:৪৬ অপরাহ্ন | সারাদেশ
মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়) :
বৃহস্পতিবার জেলার মেঘমুক্ত আকাশে ঝলমলে রোদ থাকার পরও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। উত্তরের সীমান্তবর্তী এই জেলায় আবারও নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ।
বৃহস্পতিবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা দেশের মধ্যে এটিই সর্বনিম্ন তাপমাত্রা। হঠাৎ করে তাপমাত্রা নেমে যাওয়ায় তীব্র শীত অনুভুত হচ্ছে। বিকেল থেকে উত্তরের হিমেল হাওয়া বইতে শুরু হওয়ার পর সন্ধ্যা নামতেই কনকনে শীত অনুভুত হওয়ায় ফাঁকা হয়ে পড়ছে বাজার ঘাট। সন্ধ্যার পর রাত যত বাড়ে হাট বাজার গুলোতে জনশুন্য হতে থাকে। সাধারনত রাত ১০থেকে১১টার পর হাট বাজারে মানুষজনের দেখা পাওয়া যাচ্ছে না।
সাধারণত কুয়াশা বেশি এবং বাতাস কম থাকায় শীত কম অনুভুত হয়। গত সপ্তাহের পুরোটা সময় পঞ্চগড়ে মাঝারী থেকে ভারী কুয়াশাপাতের কারণে শীতের তীব্রতা ছিল না বললেই চলে। তবে চলতি সপ্তাহের শুরু থেকেই কমে গেছে কুয়াশার পরিমান। দুপুর পর্যন্ত কড়া রোদ থাকলেও সূর্য পশ্চিমে ঢলে যাওয়ার সাথে সাথে শিরশিরে বাতাস শুরু হয়। এ কারণে রোদের তেজও বাতাসে মিলিয়ে যেতে শুরু করে। আজ রোদের তেজ কিছুটা কম অনুভুত হচ্ছে।
সামান্য ঠান্ডা বৃদ্ধি পাওয়াতে গরম কাপড়ের পসরা সাজিয়ে রাস্তার ধারে,ফুটপাতে বসে বিক্রি শুরু করছে বিক্রেতারা। ক্রেতার উপস্থিতিতে সরগরম হয়ে উঠছে শীতবস্ত্রের দোকানগুলো। জেলা শহরের সুনামধন্য সেন্ট্রাল প্লাজা, এইচকে প্লাজা, সিনেমা হল মার্কেটসহ বিভিন্ন বিপনী বিতানগুলোতে নতুন শীতবস্ত্রের জন্য ক্রেতাদের চাপ লক্ষ্য করা গেছে। ক্রেতারা যার যার সাধ্যমত এ সকল দোকান হতে প্রয়োজনীয় গরম কাপড় ক্রয় করছেন। ক্রেতারাদের চড়া দামের অভিযোগ থাকলেও বিক্রেতারা বেশ খুশি বলে জানিয়েছেন একজন বিক্রতা। তবে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে ফুটপাথের মৌসূমী পুরনো শীতবস্ত্রের দোকানগুলোতে। তবে চাহিদার চেয়ে যোগান কম থাকায় মৌসূমী ব্যবসায়ীর তাদের পুরাতন কাপড়ের দাম বেশি হাঁকছে বলে ক্রেতাদের অভিযোগ।
আলোছায়া মার্কেটের কাপড় ব্যবসায়ী মিজান বলেন, এবার শীতের নতুন কাপড়ের দাম একটু বেশি। তারপরও বিক্রি ভালো হচ্ছে।
পঞ্চগড়ের তেতুঁলিয়া আবহাওয়ায় পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, বৃহস্পতিবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। তিনি আরও জানান, গত কয়েকদিন ধরে পঞ্চগড়ে কুয়াশার পরিমান অনেক কম ছিল। তবে আগামী কয়েকদিন কুয়াশা বাড়তে পারে।

